দেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে : মির্জা ফখরুল
সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যত সময় যাচ্ছে, ততই পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে। দুর্ভাগ্যজনকভাবে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর আমাদের কাছে এবং গোটা জাতির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ এখন এক ধরনের অনিশ্চয়তা ও হতাশার মধ্যে আছে। সবাই ভাবছে—কি হবে, কী হতে পারে।
তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। আর এ সময়টাতেই দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টাও বাড়ছে।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বিভিন্ন মহল পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এসব মিথ্যা প্রচারের মাধ্যমে সমাজে বিভাজন ও অস্থিরতা বাড়িয়ে তোলার চেষ্টা চলছে, বলেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে দলের পক্ষ থেকে ৭ নভেম্বর উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়।