দীর্ঘ ছয় বছর পর কাল ডাকসু নির্বাচন: কীভাবে ভোট দেবেন ভোটাররা

দীর্ঘ ছয় বছর পর আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। আর ১৮টি হলে ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন। সব মিলিয়ে একজন ভোটারকে দিতে হবে ৪১টি ভোট।

অন্যবারের তুলনায় এবার ডাকসুর ব্যালটের আকার বেড়েছে। ডাকসুর ব্যালট পেপার হবে পাঁচ পৃষ্ঠার, আর হল সংসদের ব্যালট পেপার থাকবে এক পৃষ্ঠার। ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ করে ভোট দেওয়ার নিয়ম তুলে ধরেছে। পাশাপাশি তিনটি অনুষদ ও একটি ইনস্টিটিউটে নতুন ভোটারদের ভোটদানের পদ্ধতি বোঝাতে সভা করেছে নির্বাচন কমিশন।

ভোটার নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে গিয়ে প্রথমে নিজের পরিচয় নিশ্চিত করবেন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিচয়ের জন্য লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ ব্যবহার করতে হবে। অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয় আইডি কার্ড বা লাইব্রেরি কার্ড দেখাতে পারবেন।

পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোটারের আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে। ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করে পোলিং কর্মকর্তাকে ভোটার নম্বর জানাতে হবে। এরপর ব্যালট সংগ্রহ করে গোপন কক্ষে গিয়ে ভোট দিতে হবে।

গোপন কক্ষে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। ভোটার পছন্দের প্রার্থীর নাম ও নম্বর খুঁজে বের করে নির্ধারিত ঘরে স্পষ্টভাবে ক্রস (×) চিহ্ন দেবেন। ক্রস যেন ঘরের বাইরে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

ভোটদান শেষে ব্যালট ভাঁজ না করে আলাদা দুই ব্যালট বক্সে জমা দিতে হবে একটি ডাকসুর জন্য, অন্যটি হল সংসদের জন্য।

প্রথমবারের মতো এবার দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। সাতটি হল থেকে পাওয়া তালিকা অনুযায়ী ৩০ জন শিক্ষার্থী ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে পারবেন।

নির্বাচনের ব্রেইল অংশের দায়িত্বে থাকা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর বলেন, যাঁদের দৃষ্টিপ্রতিবন্ধকতা আছে এবং ব্রেইল পড়তে পারেন, তাঁরা এই পদ্ধতিতে ভোট দেবেন। আর যাঁরা ব্রেইল পড়তে পারেন না, তাঁরা আগের মতোই একজনের সাহায্যে ভোট দিতে পারবেন।

ব্রেইল ব্যালট হবে একটি পাতলা বুকলেট আকারে। ডাকসুর ব্যালট পেপার হবে ৩০ পাতার, যেখানে শুরুতে সূচিপত্র থাকবে। হল সংসদের ব্যালট হবে তিন থেকে চার পাতার।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখানো হবে।বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে

All Categories