দীঘির নতুন লুকে কক্সবাজারে ৬ কেজি ওজন কমানোর সাফল্য
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি ২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন। নতুন লুকে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ছবি প্রকাশ করে তিনি ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছেন। তার রূপের ছটায় যেন সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। দীঘি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন। পর্দায় নিজেকে একটু বেশি ‘বাল্কি’ লাগছিল তাই তিনি ওজন কমানোর মিশন শুরু করেন।
দীঘি বলেন, ‘গেল দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরও চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নেই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’ তিনি জানান, ভাতের বদলে এখন তার খাবারের তালিকায় সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি আর তেলছাড়া ওভেনে রান্না করা চিকেন রয়েছে। দীঘি বলেন, ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সেদ্ধ ডিম খাই, সেদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে তেলছাড়া সেদ্ধ চিকেন খাই।’
তিনি আরও বলেন, ‘ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছেই অন্য রকম লাগছিল।’ প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীঘি বর্তমানে ‘ফেরা’ শিরোনামে নতুন এক ওয়েব ফিল্মের প্রস্তুতি নিচ্ছেন। আরটিভির প্রযোজনায় দ্রুতই শুটিং শুরু হবে। এই ফিল্মে তরুণ নির্মাতা সুমন ধরের পরিচালনায় দীঘির নায়ক ইয়াশ রোহান।