ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন, ছাত্রদলের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সংগ্রহশালায় ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ তার এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, যা পরবর্তীতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ভিত্তি গড়ে দেয়। ডাকসুর সংগ্রহশালায় ওই বিতর্কিত নেতার ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের প্রতি অবমাননা। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, ডাকসুর বর্তমান নেতৃত্ব শিক্ষার্থীদের আবাসন সংকট, অধিকার আদায় ও শিক্ষার পরিবেশ তৈরিতে ব্যর্থ। তারা পরিষদটিকে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করেছে। ছাত্রদলের বিবৃতিতে উল্লেখ করা হয়, মধুর ক্যান্টিনের নাম পরিবর্তন এবং ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি স্থাপন—এসব কর্মকাণ্ড প্রমাণ করে যে, শিবির নিয়ন্ত্রিত ডাকসুর এই পরিষদ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মুক্তিকামী চেতনাকে বিসর্জন দিয়ে ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি তাদের অনুরাগ প্রকাশ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে; ডাকসুকে রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ঐতিহাসিক স্মারক রক্ষায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। ১৯৪৮ সালে জিন্নাহর বক্তব্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ যেভাবে প্রতিবাদ জানিয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
All Categories