ডাকসু নির্বাচন:‘গণধর্ষণের’ হুমকির ঘটনা তদন্তে দুই কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে রিট করা এক ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে একটি কমিটি করেছে প্রক্টর কার্যালয়, অন্যটি ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ ও অপরাজেয় ৭১–অদম্য ২৪ প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী মো. নাইম হাসান এ ঘটনায় লিখিত অভিযোগ দেন। এরপর তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়।

এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে। অন্য দুই সদস্য হলেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া ও সহকারী প্রক্টর মো. রেজাউল করিম সোহাগ। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একটি তথ্যানুসন্ধান কমিটি করা হয়েছে। এতে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক আহ্বায়ক এবং সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম সদস্য। এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাইবার বুলিং মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি ইতিমধ্যে বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে। ডাকসু নির্বাচন ঘিরে যেসব ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সেগুলোর তথ্য বিটিআরসি ও ডিএমপিকে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভোটের দিন ক্যাম্পাস ও হলে নিরাপত্তা জোরদারে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। অনাবাসিক শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে বিশ্ববিদ্যালয়ের গাড়ি চলাচলে বাধা না হয়, সে জন্য আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে। বহিরাগতদের হলে প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনকে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে এক ছাত্রী রিট করেছিলেন। ওই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। এরপর সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেন।

All Categories