ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীদের অপকর্মের দায় শেখ হাসিনার: ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ফেসবুকে একটি পোস্টে তিনি এই কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি দিচ্ছেন। ড. ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনার। সরকারের উচিত এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। তিনি বলেন, এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে।

এর আগে সামাজিকমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, জন এফ কেনেডি বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ্য করে বলেন, ‘ইউ আর আ টেরোরিস্ট’, ‘হোয়াই ইউ কাম হিয়ার’।

এছাড়া, বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলেন এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন। পরে, সঙ্গে থাকা সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

All Categories