চুয়েটে শাটডাউন চলাকালে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের দফতরে প্রবেশ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম নিজ দফতরে প্রবেশ করেছেন। সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি ক্যাম্পাসে আসেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য একটি হাইয়েস মাইক্রোবাসে করে ক্যাম্পাসে পৌঁছান এবং প্রধান ফটকে শিক্ষক পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দফতরে যান।
সকালে উপাচার্যের কার্যালয়ে অধ্যাপক শেখ শরীফুল আলম নির্ধারিত চেয়ারে বসে ছিলেন। এ সময় তার কক্ষে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন উপস্থিত ছিলেন। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত বলেন, "আমরা একসঙ্গেই ভেতরে প্রবেশ করেছি।"
অধ্যাপক শেখ শরীফুল আলম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে তাকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ভবনের ফটকে তালা দেওয়া হয়।
একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। আন্দোলন ও কর্মবিরতির কারণে গত ২০ দিন ধরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষকদের, শিক্ষার্থীদের ও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের কারণে এত দিন ক্যাম্পাসে যেতে পারেননি নতুন উপাচার্য। তবে গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন।