ছাত্রশিবিরের ফুল প্যাকেজ ঘোষণা সিবগাতুল্লাহের
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি ফুল প্যাকেজ ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, একজন শিক্ষার্থীকে আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব দিকনির্দেশনা ও পরিকল্পনা শিবিরের কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিবগাতুল্লাহ জানান, শিক্ষার্থীদের লক্ষ্য ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ উচ্চশিক্ষায় যেতে চায়, কেউ গবেষণায় ভালো করতে চায়, আবার কেউ উদ্যোক্তা হতে চায়। ছাত্রশিবির প্রতিটি শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনা বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।
তিনি বলেন, মেধা চর্চাকে উৎসাহিত করতে শিবির সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করছে। শিবিরের লক্ষ্য হলো সৎ ও দক্ষ মেধার বিকাশ ঘটানো, যাতে তারা ভবিষ্যতে দেশের হাল ধরতে পারে।
সিবগাতুল্লাহ আরও বলেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে এ ধরনের সৃজনশীল শিক্ষার্থীবান্ধব কর্মসূচির অভাব রয়েছে। ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং মেধা লালনের এ ধারার কারণে ছাত্রশিবির অন্যান্য সংগঠনের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম।