ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই: সভাপতি রাকিবুল
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে শুরু হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ। আজ রোববার বেলা আড়াইটায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়।
সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের ষড়যন্ত্রের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশ দেন, সারা দেশ অবরুদ্ধ করে দেওয়া ছাত্রদলের পক্ষে সম্ভব।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ দলের কয়েকজন কেন্দ্রীয় ও ছাত্রদলের সাবেক নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা শাহবাগে জড়ো হন। মঞ্চটি টিএসসি অভিমুখে মুখ করে তৈরি করা হয়েছে।
সমাবেশস্থলে নেতা–কর্মীদের মাথায় জাতীয় ও দলীয় পতাকা বাঁধা, অনেকে ছাত্রদলের লোগোযুক্ত ব্যান্ড পরে এসেছেন। কারও হাতে জাতীয় পতাকা, আবার কারও হাতে দলের পতাকা। স্লোগানে মুখর হয়ে উঠেছে শাহবাগ চত্বর। ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন স্লোগানে জেগে উঠেছে পুরো সমাবেশস্থল।