ছাড়ার কয়েক মিনিটেই উধাও সিলেটের শত শত ট্রেনের টিকিট, স্বপ্রণোদিত মামলা আদালতে
সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনের অনলাইন টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শত শত টিকিট শেষ হয়ে যাওয়ার ঘটনায় আদালত নিজে থেকে মামলা করেছেন। যাত্রীদের অভিযোগ, টিকিট না পেলেও পরে বেশি দামে সেই টিকিট বিক্রি হচ্ছে।
বিষয়টি নজরে আসার পর গত ২২ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনে স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান। মামলার নথি পাওয়ার পর বুধবার (৭ অক্টোবর) থেকে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট। উপপরিদর্শক আব্দুল আহাদ মামলাটির তদন্ত করছেন।
মামলার নথিতে সিলেট থেকে ঢাকাগামী উপবন, কালনী, জয়ন্তিকা ও পারাবত এবং চট্টগ্রামগামী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসের কথা উল্লেখ করা হয়েছে।
ট্রেনের টিকিট বিক্রির সরকারি ওয়েবসাইট পর্যবেক্ষণ করে ম্যাজিস্ট্রেট দেখতে পান, নির্দিষ্ট দিনের টিকিট ছাড়ার অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। নথিতে সন্দেহ প্রকাশ করে বলা হয়েছে, একটি চক্র টিকিট বাজারজাতকরণের সঙ্গে জড়িত কিছু ব্যক্তির সহযোগিতায় মুহূর্তের মধ্যে টিকিট সরিয়ে নিয়ে পরে তা বেশি দামে বিক্রি করতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে কালোবাজারি ও মজুদদারির মতো অপরাধ হয়ে থাকতে পারে।
সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী আন্তনগর ট্রেনের টিকিট নিয়ে দীর্ঘদিন ধরেই যাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন এবং সিলেটের পর্যটন শিল্পেও নেতিবাচক প্রভাব পড়ছে।
পিবিআই সিলেটের উপপরিদর্শক আব্দুল আহাদ বলেন, ‘২২ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন ম্যাজিস্ট্রেট। আদালতের আইনি প্রক্রিয়া শেষে অক্টোবর মাসে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ৭ অক্টোবর সকাল থেকে তদন্ত শুরু হয়েছে। জনগুরুত্বপূর্ণ এই অভিযোগের সত্যতা রয়েছে। এর পেছনে বড় একটি সিন্ডিকেট ও কালোবাজারিরা কাজ করছে। তাদের শনাক্ত করে মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করব।’
অনলাইনে টিকিট বিক্রিতে স্টেশন কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই বলে জানান সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম। তিনি বলেন, ‘রেলের টিকিট বিক্রয়ে আমাদের কোনো হাত নেই। অনলাইনে টিকিট কিনতে হয়। কেউ কেউ সরাসরি কাউন্টার থেকেও টিকিট কেনেন।’ সিলেটে টিকিটের কালোবাজারি নেই দাবি করে তিনি বলেন, ‘গোপনে থাকতে পারে। মাঝে মধ্যে অভিযানে অপরাধীদের আটক করা হয়।’
সিলেটের ট্রাভেল ব্যবসায়ী ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির লিটন বলেন, ‘সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ বহু বছরের পুরোনো। রেলের টিকিট না পেয়ে হাজারো পর্যটক সিলেটে আসতে আগ্রহ হারাচ্ছেন। এবার ম্যাজিস্ট্রেট মামলা করে সিলেটসহ দেশবাসীর উপকার করেছেন। এখন পিবিআইয়ের তদন্তেই বেরিয়ে আসবে, টিকিট কীভাবে এত দ্রুত বিক্রি হয়ে যায় এবং এর পেছনে কোনো সিন্ডিকেট বা রেল সংশ্লিষ্টতা আছে কি না।’