চারদিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে এ সফরে গেছেন তিনি।

বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সকাল ১১টা ১৫ মিনিটে এবং জাপান সময় দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানী টোকিওতে পৌঁছান ড. ইউনূস। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তিনি।

পথে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন ড. ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান হংকংয়ের শ্রমমন্ত্রী ক্রিস সান।

এর আগে গত সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এই সফরে দুই দেশের মধ্যে পাঁচ‌টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি এক্সচেঞ্জ অব নোটস সই হতে পারে। এ ছাড়া বাংলাদেশ জাপানের কাছে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাইবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরসঙ্গীদের নিয়ে অধ্যাপক ইউনূস নির্ধারিত কর্মসূচি অনুযায়ী টোকিও পৌঁছেছেন। সফরকালে তিনি জাপানের বিভিন্ন উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন।

ড. ইউনূসের আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।

All Categories