চাঁদ দেখা গেছে, কাল ঈদ
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল সোমবার (৩১ মার্চ) দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার ফলে দেশের পাশাপাশি পাকিস্তান, ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
এর আগে, শনিবার সন্ধ্যায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনসহ ১১টি মুসলিম দেশে শাওয়ালের চাঁদ দেখা যায়। ফলে এসব দেশে রোববার (৩০ মার্চ) ঈদ উদযাপিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আগেই পূর্বাভাস দিয়েছিল যে, রোববার বাংলাদেশে চাঁদ দেখা যাবে এবং সোমবার ঈদ পালিত হবে।
আগামীকাল দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করবেন।