চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পিলখানার সামনে অবস্থান কর্মসূচি

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত সাবেক বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যরা ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর জিগাতলায় বিজিবি সদর দপ্তরের ৪ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে শতাধিক সাবেক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ওই এলাকায় অবস্থান নিতে দেখা যায়। আন্দোলনকারীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে অবিচারের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই পুনর্বহাল ও ক্ষতিপূরণই তাদের প্রধান দাবি।

আন্দোলনে অংশ নেওয়া শাওন খান নামের এক সাবেক সদস্য বলেন,আমরা কোনো বিশৃঙ্খলা করতে আসিনি। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের একটাই দাবি ক্ষতিপূরণসহ চাকরি ফিরিয়ে দেওয়া হোক।

আন্দোলনকে ঘিরে এলাকাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জিগাতলা ও পিলখানা এলাকার আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও। প্রস্তুত রাখা হয়েছে রায়টকার ও জলকামান।

ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের অনুরোধ জানানো হয়েছে বিজিবি সদর দপ্তরের ৪ নম্বর গেটের সামনে অবস্থান না নিতে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের পর বহু বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়। তাদের দাবি, অনেকেই কোনো সঠিক বিচার ছাড়াই বরখাস্ত হয়েছেন। সেই দাবি থেকেই তারা পুনরায় কর্মে ফেরত ও ক্ষতিপূরণের দাবিতে রাজপথে নেমেছেন।

All Categories