বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ হয়ে উঠেছে, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি এখন সাগরের পূর্বমধ্য ও পশ্চিমমধ্য অংশে অবস্থান করছে এবং ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে।
সকাল ৬টার তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৮২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৭৪৫ কিলোমিটার ও মোংলা থেকে ৭৮৫ কিলোমিটার দূরে। পায়রা বন্দর থেকে এর দূরত্ব ছিল প্রায় ৭৪৫ কিলোমিটার।
আবহাওয়াবিদরা জানান, এর কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের স্থায়ী গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার, দমকা হাওয়ায় তা ৮৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর অত্যন্ত উত্তাল।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে ২৬ অক্টোবর মধ্যরাতের দিকে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে আরও ঘনীভূত হয়ে অতি প্রবল রূপ নিয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ১ নম্বরের বদলে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলতে বলা হয়েছে।