বিভিন্ন পদের ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করল বিএসইসি
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কমিশন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কমিশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করে বিএসইসি।
বিএসইসি সূত্র জানায়, বরখাস্তকৃত কর্মকর্তারা বুধবার সকালে অফিসে এসে তাদের বরখাস্তের বিষয়ে জানতে পারেন। এ সংক্রান্ত পৃথক চিঠিও তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
গত ৫ মার্চ বিএসইসিতে ঘটে যাওয়া এক অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে চেয়ারম্যান ও তিন কমিশনারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাদের উদ্ধার করা হয়। পরদিন ৬ মার্চ কর্মবিরতিও পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
ঘটনার পরদিন, ৬ মার্চ শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় বিএসইসির ১৬ কর্মকর্তাকে আসামি করা হয়। মামলার বাদী ছিলেন বিএসইসির চেয়ারম্যানের নিরাপত্তাকর্মী আশিকুর রহমান। বরখাস্ত হওয়া ২১ জনের মধ্যে ১৪ জন এই মামলার আসামি।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন, আল ইসলাম, শহিদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবীর, সাজ্জাদ হোসেন ও আবদুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী, এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ।
তালিকায় আরও রয়েছেন পরিচালক আবুল হাসান ও ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক নান্নু ভূঁইয়া, সরকারি পরিচালক আমিনুর রহমান খান, তরিকুল ইসলাম ও সমির ঘোষ।