বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয় সরাসরি নরেন্দ্র মোদির দল বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বিজেপিকে অভিহিত করেছেন ‘ফ্যাসিবাদী’ হিসেবে এবং জানিয়েছেন, আদর্শগত এই শত্রুর বিরুদ্ধে তাঁর লড়াই হবে এককভাবে।

বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বিজয় এই ঘোষণা দেন। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটাই তাঁর দলের অন্যতম বড় রাজনৈতিক শোডাউন।

সম্মেলনে বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্র নয়, কোনো দলকেও ভয় পায় না। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।

তিনি আরও রূপক ব্যবহার করে বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে শব্দ আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি তোলে। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে বিজয় বলেন, আপনারা হয়তো ভাবছেন ২০২৯ পর্যন্ত আপনার যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি তামিলরা বিজেপির সঙ্গে কখনোই থাকবে না। পদ্মপাতার ওপর যেমন জল স্থায়ী হয় না, তেমনি বিজেপির সঙ্গেও তামিলদের সম্পর্ক হবে না।

বিশ্লেষকরা মনে করছেন, বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট গঠনের কৌশল নিয়েছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে’র বিকল্প শক্তি হিসেবে ভোটারদের সামনে নিজেদের দলকে তুলে ধরার লক্ষ্য নিয়ে তিনি এগোচ্ছেন।

২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করা থালাপতি বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের দিকে চোখ রেখেছেন। মাদুরাইয়ের সম্মেলন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে দলের সবচেয়ে বড় শোডাউনের একটি।

বিজয় এই নির্বাচনী লড়াইকে তুলনা করেছেন তামিল রাজনীতির দুই ঐতিহাসিক বছর ১৯৬৭ ও ১৯৭৭-এর সঙ্গে। তিনি বলেন, ২০২৬ সালেও ঘটবে ১৯৬৭ আর ১৯৭৭-এর মতো এক রাজনৈতিক জাদু। নতুন শক্তি উঠে আসবে।

All Categories