বিএনপির পরিকল্পনা ছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করা: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘বিএনপির সিদ্ধান্ত ছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া।’ শনিবার (১০ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির সিদ্ধান্তটা ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার।’ টকশোর উপস্থাপক তার কাছে জানতে চান, ‘এত বছর বিএনপির হয়ে কথা বলেছেন। হঠাৎ কেন আপনার ওপর আক্রোশটা হবে?’

জবাবে তিনি বলেন, ‘অনেক কারণ থাকতে পারে।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আপনি করপোরেট অফিসে চাকরি করেন। যদি আপনার বস মনে করেন, আপনি বেশি ভালো করছেন?’

বিএনপির সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ‘এটা নিয়ে আসলে সাত মাস পার হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই এ বিষয়ে কথা বলছি।’ তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়েছিল আমার ক্যারিয়ার শেষ করে দিতে। আমাকে আবারও হয়তো সংরক্ষিত আসনে দিত কি না, তা-ও জানি না; ওখানে ঢুকিয়ে রাখত।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তো এই আসনে গত আট-নয় বছর কাজ করেছি। আমি তো আসনের পালস বুঝি। আমি জনগণের সঙ্গে কথা না বলেই নেমে গেছি? মানুষের সঙ্গে কথা না বলেই আমি আমার পুরো ক্যারিয়ার বাজি ধরেছি?’

বিএনপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একসময় বিএনপি করতে পারি। কিন্তু বিএনপির মতো মেধা আমাকে ক্যারি করতে হবে কেন?’

টকশোর উপস্থাপক স্মরণ করিয়ে দেন, ‘আপনি বলেছিলেন, খালেদা জিয়া আপনার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন, তা পালন করবেন। বিএনপির স্বার্থ রক্ষা করাটাও কি সেই দায়িত্বের অংশ নয়?’

রুমিন ফারহানা জবাব দেন, ‘বিএনপি তো বলে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। খালেদা জিয়ার বক্তব্য অনুযায়ী, আমার দেশের স্বার্থটাই আগে দেখা উচিত। আমি সেটাই দেখছি।’

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন রুমিন ফারহানা। জোটের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়াকে দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের পরিপন্থি বিবেচনা করে তাকে বহিষ্কার করে বিএনপি।

All Categories