বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান
জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে বিএনপির প্রথম দায়িত্ব হবে দেশকে পুনর্গঠন করা—এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ পুনর্গঠনের কাজে দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করতে হবে। কোনো একটি নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীকে নিয়ে দেশ গড়া সম্ভব নয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, তাঁরা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না। তিনি অভিযোগ করেন, সম্প্রতি ওই দলের এক নেতা কর্মসংস্থানে যুক্ত নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা দেশের জন্য লজ্জাজনক ও কলঙ্কজনক।
তিনি বলেন, সেই বক্তব্যের পর সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর বলা হয়, ওই নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, নির্বাচনের আগে একজন সিনিয়র রাজনৈতিক নেতার এ ধরনের মিথ্যা বক্তব্য এবং দলের পক্ষ থেকে বিষয়টি আড়াল করার চেষ্টা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। ‘এদের পরিচয় হচ্ছে, এরা মিথ্যাবাদী,’ বলেন তিনি।
তারেক রহমান অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষায় ধর্মকে ব্যবহার করছে। ‘এরা শুধু নিজেদের স্বার্থের কথাই বোঝে। জনগণের কল্যাণ তাদের কাছে মুখ্য নয়,’ বলেন তিনি।
জনসভায় খুলনা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।