বিএনপি পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন চায়

সরকারি দল বিএনপি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে। চলতি বছরের শেষ দিকে প্রথম ধাপ শুরু করে আগামী বছরের মার্চে সব ধাপ শেষ করার পক্ষে দলটি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে, এটাই নিয়ম। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদন করার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। আইন-শৃঙ্খলা থেকে শুরু করে অনেক বিষয় আছে। তাই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে নির্বাচন কমিশনের সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নেওয়া ভালো।’

নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। এ ঘোষণার পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করেই ইসি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। এ বিষয়ে সরকার কিছুই জানে না। প্রতিমন্ত্রীর বক্তব্যের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার ও ইসির মধ্যে মতদ্বৈততা প্রকাশ পেয়েছে।

বিএনপির স্থায়ী কমিটিতে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পাঁচ ধাপে নির্বাচনের বিষয়ে মতামত দেন অধিকাংশ সদস্য। দলের পরিকল্পনা, চলতি বছরের শেষদিকে নির্বাচন শুরু করে আগামী বছর মার্চের মধ্যে সব ধাপের ভোট গ্রহণ শেষ করা।

বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য শুধু ভোটের সময়সূচির বিষয় নয়, এটি দলের তৃণমূল সংগঠন ও প্রার্থী ব্যবস্থাপনার সঙ্গেও যুক্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

বিএনপি মনে করে, বিগত বছরগুলোতে স্থানীয় সরকার কাঠামোগুলো ভেঙে পড়েছিল এবং বর্তমানে অনেক জায়গায় প্রশাসকদের মাধ্যমে কাজ চলছে। পাঁচ ধাপে নির্বাচন সম্পন্ন হলে মাঠপর্যায়ে একটি স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এবং ভোটারদের মধ্যে আস্থা ফিরে আসবে।

এছাড়া, পাঁচ ধাপে নির্বাচন হলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কমিশনের পক্ষে প্রতিটি ধাপে কঠোর নজরদারি রাখা এবং নির্বাচনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও স্বচ্ছ রাখা সহজ হবে। এতে সরকারের উজ্জ্বল ভাবমূর্তি ফুটে উঠবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বলেন, সংবিধানের নিয়মকানুন মেনে, সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরাই নির্বাচিত হবেন।

All Categories