বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে ভুল বোঝাচ্ছে একটি দল: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারনায় বলেছেন, বেহেশতের টিকিট বিক্রি করছে একটি দল। তারা মানুষকে ভুল বুঝিয়ে গুনাহের কাজ করছে।

বেহেশত ও দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ—এ ধরনের কথা বলে তারা শিরক করছে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার বর্জন করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে আইনপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারাই একসময় মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। তাদের বিরুদ্ধে কথা বললেই গুম-খুন ও মিথ্যা মামলার শিকার হতে হতো। অতীতে এই জেলার নানা উন্নয়ন বিএনপিই করেছে উল্লেখ করে তিনি বলেন, পলাতক সরকার ১৬ বছরে কিছুই করেনি। বিএনপি ক্ষমতায় এলে এই জেলার চা শ্রমিকদের উন্নয়নে কাজ করা হবে এবং পরিবারভিত্তিক সহায়তার জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে।

তারেক রহমান বলেন, টানা ১৭ বছর পর দেশে ফিরে তিনি বলেছিলেন—‘আই হ্যাভ এ প্ল্যান’। সেই পরিকল্পনার একটি বড় অংশ দেশের বেকার যুবসমাজ। শিক্ষিত, অল্প শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত—সবাইকে কর্মসংস্থানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাশিক্ষার ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, দক্ষতা নিয়ে বিদেশে গেলে আয় বাড়বে—এই সুযোগটাই দেশের মানুষের জন্য তৈরি করতে চায় বিএনপি।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে খাদ্য বা নগদ সহায়তা দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মা-বোনদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মসজিদ-মাদ্রাসায় কর্মরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জন্য সরকারিভাবে সম্মানীর ব্যবস্থা করা হবে, যাতে তারা আত্মসম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

 

All Categories