বছরের শেষে আসছে না আলোচিত চার সিনেমা, অপেক্ষা বাড়ল দর্শকের
চলতি বছর এখন পর্যন্ত প্রায় দুই ডজন সিনেমা মুক্তি পেয়েছে। বছরের শেষ দিকে সাকিব ফাহাদের ‘সোলজার’, রায়হান রাফীর ‘আন্ধার’ ও ‘সুড়ঙ্গ ২’ এবং ভিকি জাহেদের ‘খলনায়ক’ মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এ বছর ছবিগুলো প্রেক্ষাগৃহে আসছে না। কোনোটির শুটিং এখনো শেষ হয়নি, কোনোটির পোস্ট প্রোডাকশনের কাজ আটকে আছে।
অনিশ্চয়তায় ‘সোলজার’
শাকিব খান অভিনীত ‘সোলজার’-এর শুটিং শুরু হয় গত বছরের অক্টোবরে। প্রথমে ওই বছরের ডিসেম্বরে মুক্তির কথা বলা হলেও পরে তা পিছিয়ে ২০২৬ সালের ডিসেম্বর ঠিক করা হয়। ডিসেম্বর আসতে মাত্র দেড় মাস বাকি, অথচ এখনো ৯ দিনের শুটিং বাকি রয়েছে, আর এই ৯ দিনের কাজ নিয়েই তৈরি হয়েছে জটিলতা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কয়েক দফা পরিকল্পনা করেও প্রযোজনা প্রতিষ্ঠান শুটিং শুরু করতে পারেনি। এর মধ্যে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’-এর কাজে ব্যস্ত হয়ে পড়েন শাকিব খান। পরে ব্যক্তিগত কাজে প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে আগস্টে দেশে ফিরলেও বাকি শুটিং আর হয়নি।
শাকিব খানের ম্যানেজার মনির জামান বলেন, ‘গত কয়েক বছরে শাকিব খানের কোনো ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শিডিউল নেওয়া হলেও পরিচালক শুটিং শুরু করতে পারেননি।’
শিল্পী-কলাকুশলীদের সম্মানী বকেয়া থাকাকে শুটিং আটকে থাকার বড় কারণ বলে শোনা গেলেও তা নাকচ করেছেন ছবির নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তিনি বলেন, শুটিং শেষ হওয়ার আগে সম্মানী পরিশোধের বিষয় নয়। শুটিং শেষ হলে টিজারের মাধ্যমে মুক্তির তারিখ জানানো হবে।
শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, চলতি মাসের শেষে দেশে ফেরার কথা। নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি আগামী ঈদুল ফিতরের ছবি ‘নিঃস্ব’-এর কাজ শুরু করতে পারেন, এরপর ঈদুল আজহার ‘মহব্বত’। ফলে এ বছরের ডিসেম্বরে ‘সোলজার’ মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে।
‘আন্ধার’ আসছে ২৬ মার্চ
দুর্গাপূজার ছুটিতে মুক্তির কথা ছিল রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’-এর; পোস্টার ও টিজারও প্রকাশ হয়েছিল। তবে পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় মুক্তি পিছিয়ে আগামী বছরের ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে নির্ধারণ করা হয়েছে। নির্মাতা জানান, ভিএফএক্সের মানে কোনো ছাড় দিতে চান না বলেই এই সিদ্ধান্ত। ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নাজিফা তুষি।
‘খলনায়ক’ ও ‘সুড়ঙ্গ ২’ নিয়েও শঙ্কা
বছরের শেষ দিকে ‘খলনায়ক’ ও ‘সুড়ঙ্গ ২’ মুক্তির পরিকল্পনা জানিয়েছিল এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, ঢাকা ও কলকাতায় ‘খলনায়ক’-এর শুটিং শেষ, এখন সম্পাদনা ও পোস্ট প্রোডাকশন চলছে; তবে ডিসেম্বরের মধ্যে মুক্তি নিশ্চিত করতে পারছেন না। আর ‘সুড়ঙ্গ ২’-এর শুটিং এখনো শুরুই হয়নি; সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে কাজ শুরু হবে।
সব মিলিয়ে আলোচিত চার সিনেমার মধ্যে কেবল ‘আন্ধার’-এর নতুন তারিখ ঘোষণা হয়েছে, বাকি তিনটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটেনি।