বাড়িতে তৈরি করুন হোটেল স্টাইলের ঘন চিকেন স্যুপ

হোটেল-রেস্তোরাঁর সকালের নাশতায় পরোটা বা নানের সঙ্গে চিকেন স্যুপ অনেকের প্রিয়। ঘন, মশলাদার ও সুগন্ধি এই স্যুপটি বাড়িতে সহজেই তৈরি করা যায়। মুরগির মাংস, দুধ, পাউরুটি ও বিভিন্ন মশলার মিশেলে তৈরি এই চিকেন স্যুপ পরোটা, নান বা ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।

এটির জন্য প্রয়োজন: এক বাটি ছোট টুকরো করা মুরগির মাংস, তিন স্লাইস পাউরুটি, দুই কাপ দুধ, পরিমাণমতো তেল, অল্প গোটা গরম মশলা, একটি তেজপাতা, আধা কাপ পেঁয়াজ বাটা, আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, তিন টেবিল চামচ টক দই, স্বাদমতো লবণ, ১০ থেকে ১২টি কাঁচা মরিচ, দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দুই টেবিল চামচ জিরা গুঁড়া, এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া, ১০ থেকে ১২টি সাদা গোলমরিচ গুঁড়া এবং সামান্য চিনি। শেষে দেওয়ার জন্য প্রয়োজন সামান্য পেঁয়াজ বেরেস্তা ও এক টেবিল চামচ ঘি।

প্রথমে পাউরুটির স্লাইসগুলো ছোট টুকরো করে নিন এবং দুই কাপ দুধ দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে রাখুন। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন। পেঁয়াজ বাটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট নেড়ে ভাজুন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আদা ও রসুন বাটা দিয়ে আরও দুই মিনিট কষান।

এবার এতে মুরগির মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে চার থেকে পাঁচ মিনিট রান্না করুন। এরপর কাঁচা মরিচ ও স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করুন। ফেটিয়ে রাখা টক দই দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ধনিয়া, জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে কষান। মশলা ভালোভাবে মিশে গেলে পরিমাণমতো পানি ও চিনি দিয়ে ঢাকনা দিয়ে ১৫ মিনিট রান্না করুন।

১৫ মিনিট পর ঢাকনা খুলে পাউরুটি ও দুধের মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দিন। সঙ্গে আরও কাঁচা মরিচ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে ১৫ মিনিট রান্না করুন।

সবশেষে সাদা গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, সামান্য চিনি ও ঘি দিয়ে মিশিয়ে চুলা বন্ধ করুন। তৈরি হলো ঘরেই হোটেল-স্টাইলের মজাদার চিকেন স্যুপ। গরম গরম এই স্যুপ পরিবেশন করুন পরোটা, নান, সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে।

All Categories