বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ, আটক ৩
রাজশাহী নগরীর কেদুর মোড় এলাকায় বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে গৃহকর্মীও রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী খাতুন একাই বসবাস করতেন। রবিবার রাতে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে বাড়ির ভাড়াটিয়া, গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এবং প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারী জানান, বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
বেলী খাতুনের চার সন্তান বিদেশে বসবাস করেন। কয়েক বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাই বাড়িতে থাকতেন।
বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে। পরে ময়নাতদন্তের জন্য রবিবার রাতেই মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।