Oct 02, 2026
বাংলাদেশের মেয়েরা সিঙ্গাপুরকে টাইব্রেকারে পরাজিত করে নবম স্থান অর্জন করলো

বাংলাদেশের মেয়েরা সিঙ্গাপুরকে টাইব্রেকারে পরাজিত করে নবম স্থান অর্জন করলো

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে পরাজিত করে নবম স্থান অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক হকি খেলতে শুরু করে। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত একটি ফিল্ড গোল করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন আইরিন আক্তার রিয়া। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে।

দ্বিতীয়ার্ধে খেলা আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িক বহিষ্কার হন বাংলাদেশের লিমা আক্তার। বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নিয়ে ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে ১-১ সমতায় ফেরান তৌ লি মিন।

নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। সেখানে চাপের মধ্যে থেকে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

All Categories