বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সৌদি আরবের সহযোগিতা কামনা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা চেয়েছেন। সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার নাসের আল কাহতানি জবাবে বলেন, বাংলাদেশ সৌদি সরকারের কাছে সব সময় বিশেষ গুরুত্ব বহন করে।

সোমবার (১২ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম-১৭-এর সাইডলাইনে দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার এনার্জির প্রেসিডেন্ট সাদ শেরিদা আল-কাবি এবং এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গেও বৈঠক করেন প্রতিমন্ত্রী।

বৈঠকের শুরুতে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি হামলার নিন্দা জানান এবং সৌদি আরবের পাশে থাকার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রধানমন্ত্রীর শোকবার্তার বিষয়েও তিনি অবহিত করেন।

এছাড়া ওই হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

সৌদি প্রতিনিধি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ২০৩০ সালের জ্বালানি লক্ষ্যমাত্রা পূরণে সহযোগিতার জন্য দুই দেশের প্রতিনিধি বিনিময় এবং একটি সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশকে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা প্রদান, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং অফশোর ও অনশোর গ্যাস আহরণের বিষয়েও আলোচনা হয়।

কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার এনার্জির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা, বিদ্যমান এলএনজি আমদানি ব্যবস্থা এবং নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বাণিজ্যিক ও কারিগরি আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দিনের তৃতীয় বৈঠকে এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী। এসিডব্লিউএ পাওয়ার বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।

বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধি দল ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

All Categories