বাংলাদেশে কবে ঈদ জানা যাবে সন্ধ্যায়
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে তা জানা যাবে আজ, বুধবার (২৮ মে)। সন্ধ্যা ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভা কক্ষে আরবি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারন করা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এদিকে সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।
এ ছাড়া ওমানও আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দেয়।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।