বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে। এই উদ্যোগ ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার প্রকাশ করা হয়। সার্কুলারে উল্লেখ করা হয়, ১ অক্টোবর ২০২৬ তারিখ থেকে সকল বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে সরবরাহ করতে হবে। একইসঙ্গে, এ তারিখ থেকে পূর্ববর্তী নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট হলে সেই অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপের নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন প্রদর্শন করতে হবে।

এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ৬ জানুয়ারি ২০২১ তারিখের সার্কুলারে বর্ণিত লোগো অনুযায়ী আইকন প্রদর্শন করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যানের পাশাপাশি বাংলা কিউআর ইমেজ আপলোডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সকল সঞ্চয়ী ও চলতি হিসাবধারীদের মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে। বাংলাদেশ ব্যাংক পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় এসব নির্দেশনা জারি করেছে।

All Categories