বাগদান ভাঙার পর সম্পর্কে আরেকবার সুযোগ দিচ্ছেন পৃথ্বী শ ও আকৃতি
কিছু সপ্তাহ আগে বাগদান ভাঙার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী আকৃতি আগারওয়াল। তবে এবার তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসে সম্পর্ককে নতুন করে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন।
চলতি বছরের মার্চ মাসে বাগদান সম্পন্ন করেছিলেন পৃথ্বী ও আকৃতি। কিন্তু সেপ্টেম্বরে আকৃতি বাগদান ভাঙার কথা জানানোর পর আলোচনায় আসেন।
১৩ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আ পার্সোনাল ক্ল্যারিফিকেশন’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করেন আকৃতি। সেখানে তিনি উল্লেখ করেন, কাছের কয়েকজনের মতামত তাদের সম্পর্কের বিষয়ে তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল। তাদের কথায় প্রভাবিত হয়ে তিনি তাড়াহুড়ো করে বাগদান ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মনে করছেন।
আকৃতি বলেন, ‘বাগদান ভেঙে দেওয়ার সময় আমি আমার কাছের কিছু মানুষের মতামতকে আমাদের সম্পর্ক সম্পর্কে আমার ধারণাকে প্রভাবিত করতে দিয়েছিলাম। তাদের মনে হয়েছিল, তারা আমাদের সম্পর্কের বিষয়ে আমাদের চেয়েও বেশি জানেন। আমি মনে করি, আমি ভুল পথে চালিত হয়েছিলাম। আমাদের মধ্যে যে সৎ ও খোলামেলা কথোপকথন হওয়া উচিত ছিল, তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’
আকৃতির বক্তব্য অনুযায়ী, অন্যদের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে পৃথ্বীর সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগটি যথাযথভাবে কাজে লাগাতে পারেননি তিনি।
আকৃতির বিবৃতিটি পৃথ্বী তার ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন। এ পদক্ষেপের মাধ্যমে দুজনের সম্পর্ক নতুন করে শুরুর বিষয়ে পারস্পরিক সম্মতির ইঙ্গিত মিলেছে।
বাগদান ভাঙার ঘোষণার পর অল্প সময়ের ব্যবধানে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পুরোনো ভুল-বোঝাবুঝি পেছনে ফেলে তারা কতটা এগিয়ে যেতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।