আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে এসেছে চার ইউনিট

সাভারের আশুলিয়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। রাত ১১টার দিকে খবর নেওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, রাত ৯টা ৪০ মিনিটে আশুলিয়া জামগড়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন এই জুট গোডাউনে আগুন লেগেছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে এবং স্থানীয় লোকজনও নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়েছে।

All Categories