আশুলিয়ায় তুলা ও পাটের গুদামে আগুন, ছড়াল আশপাশের বসতবাড়িতে

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলা ও পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কাঁঠালতলা মোড়সংলগ্ন গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। এরপর জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, আগুন লাগার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

All Categories