আর তিন বছর পর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, সিলেটে জানালেন বাণিজ্যমন্ত্রী
আর তিন বছর পরই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে যাবে বাংলাদেশ। শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এই উত্তরণের সঙ্গে তাল মিলিয়ে দেশের নাগরিক সেবা ও অবকাঠামোগত সক্ষমতাও বাড়াতে হবে।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর তালতলায় সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেটের জনসংখ্যা ও বসতি বাড়ায় আধুনিক নাগরিক সেবার চাহিদাও বাড়ছে। এ অঞ্চলের লক্ষাধিক মানুষ প্রবাসে থাকায় বিভিন্ন দেশের সেবার মান তাদের কাছে পরিচিত। তাই সিলেটে মানসম্মত ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে সরকার কাজ করছে এবং এ লক্ষ্যে গঠিত কমিটির প্রধান হিসেবে তিনি নিজেও যুক্ত আছেন।
নির্মাণকাজ নির্ধারিত ১৫ মাসের মধ্যে শেষ করার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, এই প্রকল্পের সঙ্গে পুরো এলাকার নিরাপত্তা জড়িত। ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ বাঁচাতে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা, কখনো কখনো প্রাণও দিতে হয় তাদের। তাদের ত্যাগের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা, উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।