আন্দোলনে ইন্ধনের অভিযোগে মহাখালী থেকে ডিবির হাতে আটক শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী
আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও ইংরেজি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
তবে ঠিক কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, কিংবা কোনো নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তা।
এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল।