‘আমরা ভাইরাল’ নাটক আসছে

‘আমরা ভাইরাল’ নাটক আসছে

সামাজিকমাধ্যমে বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ ও তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তার একটি ছবি নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনা চলছে। ছবিতে মামুনুর রশীদকে সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসে থাকতে দেখা যায়, এবং তার পাশে প্রিসিলা হাঁটুর ওপর হাত রেখে ক্যামেরার দিকে পোজ দেন। ছবিটি প্রকাশের পর তাদের বয়সের পার্থক্য নিয়ে আলোচনা হলেও, কিছু মানুষ প্রশ্ন তুলেছেন—তারা কি নতুন করে সংসার শুরু করেছেন?

প্রিসিলা নিজেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেন। সামাজিকমাধ্যমে তিনি লেখেন, ‘আমরা হ্যাপিলি ম্যারিড’। এরপর বিষয়টি নিয়ে আলোচনা আরও তীব্র হয়। তবে পরে জানা যায়, এটি বাস্তব জীবনের সম্পর্ক নয়, বরং নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’-এর প্রচারণার অংশ।

৫২ পর্বের এই নাটকের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা এবং এর নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে। আল আমিন স্বপনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।

নাটকের কাহিনীতে দেখা যাবে, মামুনুর রশীদের চরিত্রটি বয়সে ছোট প্রিসিলার চরিত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর তারা সামাজিকমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার নেশায় নানা ধরনের কনটেন্ট তৈরি করতে থাকে, যা তাদের জীবনে একের পর এক ঘটনা ঘটায়।

নির্মাতা সাজিন আহমেদ বাবু জানান, নাটকে বর্তমান সময়ে ভাইরাল হওয়ার জন্য কিছু মানুষ যে কোনো পর্যায়ে চলে যাচ্ছেন, সেটি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইতিবাচকভাবে ভাইরাল হয়ে সমাজে প্রভাব ফেলছেন এমন মানুষের গল্পও রয়েছে।

‘আমরা ভাইরাল’-এ মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তার ছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সুজাত শিমুল, মারুফ মিঠু, ফারজানা চুমকি, নাজনীন হাসান চুমকী, মৌসুমী হামিদ, আশরাফুল আলম সোহাগ, শাহজাদ ওমর, পারভেজ সুমন, সেমন্তি ডি-কস্তা, দিলরুবা তুষি, খায়রুল আলম টিপু, আহসান কবিরসহ আরও অনেকে।

নাটকটির শুটিং হয়েছে পূবাইলে একটি শুটিং হাউস ও রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন মশিউর রহমান। সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন লিঙ্কন। আবহ সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।

নাটকটি প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, গল্পটি তার কাছে অন্যরকম লেগেছে এবং হাস্যরসের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি পরিচিত বিষয়গুলোকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে।

নির্মাতা জানিয়েছেন, ‘আমরা ভাইরাল’ টেলিভিশনে প্রচারের পাশাপাশি ইউটিউব চ্যানেল আর্টফ্রেমেও প্রকাশ করা হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে বাংলাভিশনে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘আমরা ভাইরাল’.

All Categories