আমির খান অভিনীত নতুন সুপারহিরো সিনেমার কাজ শুরু হচ্ছে

বলিউড প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক আর বাল্কির নতুন সুপারহিরো সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে, যেখানে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন আমির খান। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিনেমাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর স্ক্রিপ্ট লেখার কাজ চলছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আমির খান নতুন এই প্রজেক্টের প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেছেন, তবে তিনি আনুষ্ঠানিকভাবে এখনও সিনেমায় সই করেননি। নির্মাতারা আগামী কয়েক মাস ছবিটির গল্প, চিত্রনাট্য ও মূল চরিত্রের ওপর জোর দেবেন। এটি একটি বড় বাজেটের সিনেমা হওয়ায় শুটিং শুরুর আগে প্রাক-প্রযোজনা ও লুক ডিজাইনে দীর্ঘ সময় ব্যয় করা হবে। চিত্রনাট্য পুরোপুরি শেষ হওয়ার পরই সিনেমাটি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন আমির।

ছবিটি চূড়ান্ত হলে সাজিদ নাদিয়াদওয়ালা ও আর বাল্কির সঙ্গে এটি হবে আমিরের প্রথম কাজ। যদিও সাজিদের সঙ্গে আমিরের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে, তবে তারা কখনও একসঙ্গে কাজ করেননি।

অন্যদিকে, আর বাল্কি ‘চীনি কম’, ‘পা’, ‘কী অ্যান্ড কা’, ‘প্যাড ম্যান’ ও ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’-এর মতো ভিন্ন ধারার সিনেমা নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। ২০১৭ সালে বলিউডের তিন খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে বাল্কি রসিকতা করে বলেছিলেন, "আমি যদি এখন তাদের নিয়ে সিনেমা বানানোর কথা ভাবি, তবে কাজ শুরু করতে করতে বুড়ো হয়ে যাব... তার চেয়ে বরং ব্যবহারিক হওয়া ভালো।"

বর্তমানে আমির খান ‘রেস ৪’ নিয়েও আলোচনা করছেন, তবে দুটি সিনেমাই এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। আমিরের পরবর্তী নিশ্চিত কাজ হলো আশুতোষ গোয়ারিকরের ঐতিহাসিক স্পোর্টস ড্রামা ‘ললকারা’। ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের প্রেক্ষাপটে তৈরি সিনেমাটির শুটিং ২০২৬ সালের নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়েও পরে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

All Categories