আমাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর চলমান হয়রানি ও সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

শুক্রবার (২২ আগস্ট) কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, খবরের কাগজে দেখেছি বাংলায় কথা বলায় একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমাকে খানিকটা চিন্তায় ফেলে দিয়েছে। সিদ্ধান্ত নিলাম, তাহলে ফরাসি ভাষায় কথা বলব। কিন্তু সমস্যা হচ্ছে, আমি ফরাসি জানি-ই না।

বার্তা সংস্থা পিটিআই জানায়, ইন্ডিয়া’স ইয়ুথ: সোশ্যাল অপরচুনিটিজ দে শুড হ্যাভ’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে ৯১ বছর বয়সী অমর্ত্য সেন স্বভাবসুলভ রসিকতার ভঙ্গিতে বলেন, একটা সম্ভাবনা আছে, আমাকেও হয়তো বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, কারণ ঢাকায় আমার পূর্বপুরুষের বাড়ি রয়েছে। এটা নিয়ে আমার খুব যে আপত্তি আছে তাও নয়।

বাংলাদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ধরপাকড় ও সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা বেড়েছে।

বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, বাঙালি, পাঞ্জাবিসহ প্রত্যেকটি সাংস্কৃতিক পরিচয় উদ্‌যাপনের যথেষ্ট কারণ রয়েছে। বাংলার লোকজন বা বাংলাভাষী পেশাগতভাবে বাধার মুখে পড়ছেন, অসম্মানিত হচ্ছেন। বাঙালি সংস্কৃতি ও সভ্যতাই সবার সেরা এমন দাবি করব না, তবে আমাদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাসে জোর দিতে হবে। বাঙালি সংস্কৃতিকে সম্মান করতে হবে। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ জরুরি।

ভারতীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর থেকে দেশটির বিভিন্ন রাজ্যে কথিত ‘অনুপ্রবেশকারীদের’ বিরুদ্ধে অভিযান জোরদার হয়। এরপর থেকেই নারী-শিশুসহ শত শত বাংলাভাষীকে আটক করে সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা বেড়েছে।

গত ২৭ এপ্রিল গুজরাটের আহমেদাবাদ ও সুরাট শহরে এক অভিযানে নারী-শিশুসহ এক হাজার ২৪ জন বাংলাদেশিকে আটক করে রাজ্য পুলিশ। তাদের বিমানে করে সীমান্ত এলাকায় পাঠানো হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

বাংলাভাষীদের ওপর এ ধরনের হয়রানির খবর ভারতের পাশাপাশি বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

All Categories