আ.লীগের ‘ক্লিন ইমেজ’ নেতাদের জন্য বিএনপির দরজা খোলা: রিজভী
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ‘পরিচ্ছন্ন’ ভাবমূর্তির নেতাদের বিএনপিতে যোগ দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, যারা হয়তো একসময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তাদের লুটপাট, দুঃশাসন ও দমন-পীড়ন মেনে নিতে পারেননি এমন কেউ যদি আগে থেকেই দলটি থেকে সরে এসে থাকেন, তাহলে তাদের বিএনপিতে যোগ দিতে বাধা নেই।
বিএনপির সদস্য সংগ্রহ অভিযান প্রসঙ্গে রিজভী জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। এ সময় ১ কোটির বেশি প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে দলটি।
তিনি বলেন, সমাজের ফ্রেশ, ভদ্র, আদর্শবান মানুষ যিনি শিক্ষক, ব্যাংকার, কৃষক বা শ্রমিক হতে পারেন এমন যে কেউ বিএনপির আদর্শে আস্থা রাখলে দলে যোগ দিতে পারেন।
আওয়ামী লীগ সরকারের ‘ভয়ংকর দুঃশাসন’ এখন আর নেই বলে মন্তব্য করে রিজভী আশা প্রকাশ করেন, এতে অনেকেই বিএনপির পাশে এসে দাঁড়াবেন। তিনি জানান, বিভাগীয় শহরগুলোতে অন্তত একটি করে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে দলের।
এ সময় তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব মানুষকে সদস্যপদ নিতে আহ্বান জানান।