আজ পুরোনো বন্ধুকে খুঁজে পাওয়ার দিন
বন্ধুত্ব জীবনের একটি বিশেষ সম্পর্ক। সময়ের সাথে অনেক বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও পুরোনো স্মৃতিগুলো থেকে যায়। ব্যস্ততা, দূরত্ব বা জীবনের নানা পরিবর্তনের কারণে হারিয়ে যাওয়া বন্ধুদের আবার খুঁজে বের করার আহ্বান জানায় পুরোনো বন্ধুকে খুঁজে পাওয়ার দিবস।
দিবসটির মূল উদ্দেশ্য হলো বহু বছর আগে হারিয়ে যাওয়া বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ করা, তাদের বর্তমান জীবনের খবর নেওয়া এবং পুরোনো স্মৃতিগুলো নতুন করে মনে করা। একই সঙ্গে দীর্ঘদিন পর বন্ধুর সঙ্গে কথা বলার সময় যে অস্বস্তি তৈরি হতে পারে, তা কাটিয়ে ওঠার সুযোগও তৈরি করে এই দিনটি।
এক সময় পুরোনো বন্ধুদের খুঁজে বের করতে ফোনবুক, পরিচিতজন বা পরিবারের সদস্যদের ওপর নির্ভর করতে হতো। পরে ই-মেইলসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর যোগাযোগ মাধ্যম জনপ্রিয় হয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বহু বছর আগে হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পাওয়া অনেক সহজ হয়েছে।
ফেসবুক, টুইটার ও লিংকডইন-এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুরোনো বন্ধুর নাম, শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্যান্য পরিচিত তথ্য দিয়ে তাকে খুঁজে বের করা সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে না থাকলেও বিভিন্ন অনলাইন সার্চ সেবার মাধ্যমে পুরোনো বন্ধুর সন্ধান করা যেতে পারে।
বন্ধুর সম্পর্কে জানা তথ্য যেমন, তিনি কোন স্কুল বা কলেজে পড়েছেন, কোথায় বসবাসের কথা বলেছিলেন, কী পেশায় যেতে চেয়েছিলেন, এসব তথ্য অনুসন্ধানে সহায়ক হতে পারে। এছাড়াও পারস্পরিক বন্ধু বা পরিচিত পরিবারের সদস্যদের কাছ থেকেও তার বর্তমান অবস্থান বা জীবনের খবর জানা যেতে পারে।
পুরোনো বন্ধুকে খুঁজে পাওয়ার পর সরাসরি অতীতের স্মৃতিচারণে না গিয়ে প্রথমে তার কথা মন দিয়ে শোনা ভালো। এত বছরে তার জীবনে কী পরিবর্তন এসেছে, কী করেছেন বা বর্তমানে কেমন আছেন এসব জানার চেষ্টা করা যেতে পারে। প্রয়োজনে তার পাশে দাঁড়ানো এবং বন্ধুত্বকে নতুন করে সময় দেওয়াও হতে পারে এই দিবস উদযাপনের একটি সুন্দর উপায়।
তবে পুরোনো বন্ধু যদি যোগাযোগ করতে আগ্রহী না হন, সেটিও সম্মানের সঙ্গে মেনে নেওয়া উচিত। জোর না করে সেই বন্ধুত্বের স্মৃতিগুলোকে জীবনের একটি মূল্যবান অংশ হিসেবে ধরে রাখা যেতে পারে। কারণ জীবনের স্বাভাবিক নিয়মেই মানুষ একসময় নিজ নিজ পথে এগিয়ে যায়।
তবুও যদি পুরোনো কোনও বন্ধুর কথা মনে পড়ে, তাহলে একবার খোঁজ নেওয়ার জন্য আজকের দিনটি হতে পারে একটি দারুণ উপলক্ষ। একটি ফোন, ছোট্ট একটি বার্তা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ‘হ্যালো’ হয়তো ফিরিয়ে আনতে পারে বহুদিনের হারিয়ে যাওয়া বন্ধুত্ব।