আইপিএল নিলাম এবার ভারতের মাটিতে

আইপিএলের নিলাম এবার ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। গত কয়েক বছরে দুবাই, জেদ্দা ও আবুধাবিতে নিলাম অনুষ্ঠিত হওয়ার পর এবার আইপিএল ২০২৭-এর মিনি নিলাম ভারতের কোনো শহরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইপিএল কর্তৃপক্ষ। মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৩ সালে কোচিতে নিলাম হওয়ার পর পরবর্তী নিলামগুলো ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছে। তবে এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তির কারণে বিদেশে যাতায়াতের জটিলতা এড়াতে ভারতের কোনো শহরকে ভেন্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর আবুধাবিতে নিলামের সময় ফ্র্যাঞ্চাইজিগুলোর উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

এখনো কোন শহরে নিলাম হবে তা চূড়ান্ত হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধি দলের থাকার ব্যবস্থা এবং ভারতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ের মৌসুমের কারণে পাঁচ তারকা হোটেলে কক্ষের প্রাপ্যতা গুরুত্বপূর্ণ বিষয়। বিসিসিআইয়ের জন্য নিলামের সময় ১০০টিরও বেশি কক্ষের প্রয়োজন হবে।

এদিকে, আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। মঙ্গলবারের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এক মাসের মধ্যে আবার বৈঠক ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ৩০ আগস্ট বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামত চেয়েছিল এবং বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি নিয়মটির বিরোধিতা করছে। তবে কিছু দল মনে করছেন, অন্তত আরও এক বছর এই নিয়ম চালু রাখা হতে পারে।

All Categories