আইন লঙ্ঘনের অভিযোগে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নেপালে নিষেধাজ্ঞা
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত ‘উড়তা তীর’ সিনেমাটি আগামী ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে মুক্তির ৭২ ঘণ্টা আগে নেপালে আইনি জটিলতার কারণে ছবিটির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
করণ জোহরের ব্যানারে নির্মিত এই ছবিটি নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ্যে প্রদর্শনের অনুমতি পায়নি। ফলে আপাতত নেপালের প্রেক্ষাগৃহে ‘উড়তা তীর’ মুক্তি পাচ্ছে না।
নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনা করার পর দেশের চলচ্চিত্র আইন লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রকের অডিও-ভিজ্যুয়াল ও ব্রডকাস্টিং বিভাগ ছবিটির প্রদর্শনের অনুমতি দেয়নি। তাদের দাবি, জাতীয় চলচ্চিত্র আইন ২০২৬-এর ৮(৩) ধারা লঙ্ঘিত হয়েছে। এর ফলে ছবিটি প্রদর্শনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
কাঠমান্ডুর অলোকনগরে অবস্থিত ন্যাশনাল সিনেমা গ্রুপ নেপাল প্রাইভেট লিমিটেডকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে। তবে ছবির কোন দৃশ্য বা বিষয়বস্তুর কারণে নিষেধাজ্ঞা তা এখনও স্পষ্ট করেনি নেপাল কর্তৃপক্ষ। ফলে ছবিটি আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগের পেছনে কী কারণ রয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।