আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির চলছে: আসিফ মাহমুদ
কুমিল্লার মুরাদনগর উপজেলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন,জুলাই গণ–অভ্যুত্থানের শত-সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতার পথে এগোচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে এখনো সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ প্রবণতা অব্যাহত রয়েছে।
চাঁদাবাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,অনেকে এখনো মনে করেন চাঁদা নেওয়া তাদের অধিকার। তারা ভাবে অতীতে এটি চলে এসেছে, তাই এখনো চলবে। কিন্তু আমি স্পষ্ট বলতে চাই জুলাই গণ–অভ্যুত্থানের পর এমন কর্মকাণ্ড আর বরদাশত করা হবে না।
চাঁদাবাজদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে উপদেষ্টা বলেন,আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এখন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমন করতে কঠোর অবস্থানে রয়েছে। আমি মুরাদনগরবাসীকে অনুরোধ করব, আপনারা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন, যাতে এ ধরনের অপরাধ নির্মূল করা যায়।
আমাদের সৌভাগ্য, মুরাদনগরে এমন মানুষ রয়েছেন যারা চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং প্রতিবাদ করেছেন। দেশের তরুণ সমাজের উচিত, যেখানেই চাঁদাবাজি দেখবে, সেখানেই প্রতিবাদ করা।
তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, তরুণ ও শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশ গড়বে। তাদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও শিক্ষামূলক প্রতিযোগিতায় সম্পৃক্ত করতে হবে। আজকের হিফজুল কোরআন প্রতিযোগিতার মতো উদ্যোগ প্রশংসনীয়। আমি এ ধরনের আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক উবায়দুল হক সিদ্দিকী।