আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০, আহত অন্তত ৫০০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০০ জন। দেশটির তথ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ১৯টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদের প্রায় ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়ে ৬.০।

আফগান তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি ও চাপা দারা জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ বহু প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে এখনো যোগাযোগ সম্ভব হয়নি। উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছানোর চেষ্টা করছে।

স্থানীয়রা এ ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী হিসেবে বর্ণনা করেছেন। আফগান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, দুঃখজনকভাবে, আজ রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও সহায়তা দল ঘটনাস্থলের পথে রয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পর একই এলাকায় অন্তত আরও দুটি আফটারশক আঘাত হেনেছে। এর মধ্যে একটি ছিল ৫.২ মাত্রার। এতে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ভূমিকম্পের কারণে সাওকি জেলার দেওয়াহ গুল ও নূর গুল জেলার মাজার দারার সড়ক ভূমিধসে বন্ধ হয়ে গেছে। এতে উদ্ধারকর্মীদের দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “জীবন বাঁচাতে সব ধরনের উপলব্ধ সম্পদ ব্যবহার করা হবে।

All Categories