আবারও আসছে নতুন কুঁড়ি
দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেজে এ ঘোষণা দেয় রাষ্ট্রীয় এই টেলিভিশন। খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দর্শকদের মধ্যে, অনেকেই হয়েছেন স্মৃতিকাতর।
১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় বিটিভিতে প্রথম শুরু হয় ‘নতুন কুঁড়ি’। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলায় তরুণ প্রতিভা খুঁজে বের করার মাধ্যমে অনুষ্ঠানটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। ২০০৬ সাল পর্যন্ত সম্প্রচারিত এই অনুষ্ঠান থেকে উঠে এসেছেন অসংখ্য খ্যাতিমান শিল্পী, যেমন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার, সাবরিন সাকা মীম, সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস ও মহবুবা মাহনুর চাঁদনী।
প্রথমবার ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রচারিত হয় ‘নতুন কুঁড়ি’। স্বাধীনতার পর এটি নতুনভাবে বিটিভিতে চালু হয়ে প্রজন্মের পর প্রজন্ম শিল্পী গড়ে তোলে। তবে ২০০৬ সালে বিটিভির আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের উত্থান এবং পরিবর্তিত গণমাধ্যম পরিস্থিতির কারণে এর সম্প্রচার বন্ধ হয়ে যায়।
২০২০ সালে অনুষ্ঠানটি ফের চালুর পরিকল্পনা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। এবার দীর্ঘ বিরতির পর ফেরার ঘোষণা দিল বিটিভি, যদিও অডিশন প্রক্রিয়া, সম্প্রচার সূচি বা ফরম্যাটে পরিবর্তন হবে কিনা সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।