আবার ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’, ঈদে আসছে সিজন ৫
তরুণদের দিনলিপি, ব্যাচেলর জীবনের হাসিকান্না ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও ফিরছে পর্দায়। কোরবানির ঈদে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত পঞ্চম সিজন।
রোববার (১ জুন) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন সিজনটি প্রথমবারের মতো মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপে।
অমি বলেন, ‘যখন “ব্যাচেলর পয়েন্ট” শুরু করেছিলাম, জানতাম না এটা এতটা দূর যাবে। বাজেট খুবই সীমিত ছিল, কিন্তু আমরা কাজ করেছি সততার সঙ্গে। এখন পর্যন্ত দর্শকের ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়েছে। সেই ভালোবাসার টানেই দীর্ঘ ২৬ মাস পর আবার ফিরছে সিজন ৫।
নির্মাতা জানান, কোরবানির ঈদের দিন বঙ্গ অ্যাপে একসঙ্গে দেখা যাবে প্রথম ৮ পর্ব। এগুলো দেখতে হলে অ্যাপে সাবস্ক্রিপশন নিতে হবে ৪০ টাকায়। তবে ওটির বাইরেও থাকছে নাটকটি দেখার সুযোগ।
প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টায় বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এবং রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে সম্প্রচার হবে ধারাবাহিকটি।
সিরিজের আগের সিজনের মতো এবারও থাকছেন পরিচিত মুখ—মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন ও লালিমা।
নির্মাতা জানান, এবারের সিজনে ওটিটির মান মাথায় রেখে নির্মাণ হয়েছে পর্বগুলো। অমির ভাষায়, ‘আগের সিজনগুলো ছিল টিভি ও ইউটিউব স্ট্যান্ডার্ডে। এবার চেয়েছি একটু সিনেমাটিক ফ্লেভার যোগ করতে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই নির্মাণ করেছি নতুন মৌসুম।
সিজন ৫ নির্মাণ করা হচ্ছে মোট ১২০ পর্বে। দর্শকপ্রিয়তা ধরে রাখতে এবং ব্যাচেলর জীবনের নানা দিক আরও বাস্তবধর্মীভাবে তুলে ধরতে চেয়েছেন নির্মাতা।
অমির প্রত্যাশা, নতুন সিজনও দর্শকদের যেমন আনন্দ দেবে, তেমনি ছুঁয়ে যাবে হৃদয়।
‘ব্যাচেলর পয়েন্ট’ প্রথম প্রচারিত হয় ২০১৮ সালে। এরপর একে একে প্রচারিত হয় চারটি সিজন, যেগুলোর প্রতিটিই অর্জন করে জনপ্রিয়তা।