৩০ জুনের পর ড. ইউনূস একদিনও থাকবেন না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৩০ জুনের পর আর দায়িত্বে থাকবেন না বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতার সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূসকে সবাই সমর্থন জানিয়েছেন। আমরা যে সংস্কার করছি, বিচার প্রক্রিয়া শুরু করেছি এবং নির্বাচনের কার্যক্রম এগিয়ে নিচ্ছি—এসব বিষয়েই রাজনৈতিক দলগুলোর নেতারা পূর্ণ সমর্থন দিয়েছেন।

শফিকুল আলম আরও বলেন, তাঁরা (রাজনৈতিক নেতারা) জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন।

বৈঠকে নির্বাচন ও সংস্কার নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা আবারও স্পষ্ট করে বলেছেন, ডিসেম্বর থেকে জুন—এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৩০ জুনের পর এই সরকার ক্ষমতায় থাকবে না।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার এ অবস্থান রাজনৈতিক নেতারা ইতিবাচকভাবে নিয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন।

All Categories