১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, প্রথম ফ্লাইটেই হাউসফুল
দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশে উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম সরাসরি ফ্লাইট। ১৬২ আসনের এই উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি টানা প্রায় তিন ঘণ্টা আকাশে ওড়ার পর করাচিতে অবতরণ করবে।
বিমানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১২ সালে ঢাকা–করাচি রুটে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে এই রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নতুন অনুমোদন অনুযায়ী, বাংলাদেশি এয়ারলাইন্স নির্ধারিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে। পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশকে অনুমোদিত রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে করাচি বিমানবন্দরে বিমানটির জন্য আলাদা একটি স্লট নির্ধারণ করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগেই করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য জানাতে হবে। পাশাপাশি অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।
কর্মকর্তারা মনে করছেন, এই সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও পারিবারিক যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।