যথাসময়ে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষণার ভিত্তিতেই নির্বাচন হবে, এর কোনো বিকল্প নেই। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার ঝুঁকি তৈরি হবে।
আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অনেকেই চেষ্টা করছে, দেশে–বিদেশে ফ্যাসিবাদ ফেরাতে কাজ করছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। নেতাকর্মীরা যেন মনে না করেন, তাঁরা ক্ষমতায় চলে এসেছেন। এখনো অনেক ষড়যন্ত্র আছে, অনেক চক্রান্ত আছে। জনগণের কাছে ভালো কাজ দিয়েই যেতে হবে।
গণতান্ত্রিক উত্তরণের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আমরা রোডম্যাপের অপেক্ষায় আছি। রাজনৈতিক দলগুলো এগিয়ে নিলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমি একসময় হতাশার কথা বলেছিলাম, কিন্তু কাছের মানুষই আমাকে ভর্ৎসনা করেছে। আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক। তবে বর্তমানে মানুষ বিভ্রান্তিতে পড়ছে এবং নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থায় যাওয়া সম্ভব বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, বিএনপি শুরু থেকেই সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। তাঁর ভাষায়, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন, খালেদা জিয়া এনেছেন সংসদীয় গণতন্ত্র।
বিএনপিকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বিএনপি খারাপ, এমন কিছু বলার সুযোগ কাউকে দেওয়া যাবে না।
পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপিকে মানুষের জন্য সেই পরিবর্তন এনে দিতে হবে।