যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন পরিষ্কার হয়ে যাবে, অপেক্ষা করেন: সিইসি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত গেজেট হাতে পেলে দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কার্টার সেন্টারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন সব পরিষ্কার হয়ে যাবে। অপেক্ষা করুন।

গত শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের এক বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম সাইবার স্পেসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ নিয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রজ্ঞাপন হাতে এলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে। আমরা এটিকে গুরুত্ব সহকারে দেখছি। তবে আমরা গেজেট নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি।

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে হলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। এই নিবন্ধন বাতিলের ক্ষমতাও ইসির হাতে রয়েছে।

All Categories