ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সরকার জরুরি কিছু সেবার ওপর কড়াকড়ি আরোপ করেছে। মোটরসাইকেলসহ পাঁচ ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইতিমধ্যে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।
তবে রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) লেনদেন সীমিত রাখা হয়েছে।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) ও আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনের দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে বড় বড় সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।অন্যদিকে, নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞা রয়েছে। ফলে পর্যটন ব্যবসায়ীরাও ভোটের দিন পর্যটনকেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল ৭২ ঘণ্টার জন্য বন্ধ রয়েছে। তবে ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেলের ক্ষেত্রে চলাচলে বাঁধা নেই।
নির্বাচন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কার্যক্রম ও জরুরি প্রয়োজনের কথা বিবেচনায় কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
এদিকে, আজ বুধবার রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত সারা দেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে ভোট দেওয়ার উদ্দেশ্যে ব্যক্তিগত গাড়ি (কার) ব্যবহার করতে পারবেন ভোটাররা। নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলও থাকবে স্বাভাবিক।