ভেদাভেদ নয়, সব ধর্মের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো ধরনের ভেদাভেদ নয় সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে চায় সরকার। তিনি বলেন, দেশের মানুষের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশকে সুন্দর, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাখতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘সন্তান যেমন বড় হলে একজন অভিভাবকের বুক আনন্দে ভরে ওঠে, তেমনি নিজের লাগানো একটি গাছ বড় হয়ে উঠলেও একই ধরনের আনন্দ পাওয়া যায়।’
তিনি বলেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা এখনও অনেক কম। এ ঘাটতি পূরণে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার।
জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টিপাতের ধরন বদলে গেছে এবং আগের তুলনায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘নিজেদের দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। বাইরের কেউ এসে আমাদের দেশ ঠিক করে দিয়ে যাবে না।’
এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করেন প্রধানমন্ত্রী। স্লোগানটি হলো ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’
এর আগে সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের তীরে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।