ভারতের মানচিত্রে লাদাখের ২৮ স্থান, চীনের তীব্র প্রতিক্রিয়া
লাদাখের ২৮টি কৌশলগত স্থানের নাম ভারতের সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করার পর চীন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। নয়াদিল্লি এ বিষয়ে জানায়, লাদাখ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ’।
গত ২ অক্টোবর ভারত আনুষ্ঠানিকভাবে লাদাখের ২৮টি কৌশলগত স্থান চিহ্নিত করে। এর মধ্যে গোগরা ও হট স্প্রিংস রয়েছে, যা ভারত ও চীনের সেনাদের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু।
লাদাখ প্রশাসনের সঙ্গে পরামর্শ করে ভারত সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে। এর উদ্দেশ্য সরকারি মানচিত্র প্রণয়নের প্রক্রিয়াকে সুশৃঙ্খল করা, স্থানগুলোর সঠিক অবস্থান চিহ্নিত করা এবং সীমান্ত অঞ্চলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের সার্ভে অব ইন্ডিয়ার মানচিত্রে এসব স্থান আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার লক্ষ্য হলো সেগুলোকে নির্ভুলভাবে শনাক্ত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো।’
গোগরা ও হট স্প্রিংস ভারতের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। ২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘাতের সময়ে এ দুটি স্থান উত্তেজনার কেন্দ্র ছিল। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাদের টহলের জন্যও স্থানগুলো গুরুত্বপূর্ণ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘পুনরায় স্পষ্ট করে বলা হচ্ছে, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। চীনের পক্ষ থেকে যতই অস্বীকৃতি জানানো হোক না কেন, এ প্রতিষ্ঠিত বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়।’
ভারতের চিহ্নিত অন্য স্থানগুলোর মধ্যে রয়েছে আলিশা গিরি, ব্রাংসা, চাপচিঙ্গাল গিরিপথ, কানিশকা শৃঙ্গ, কারুন পীর পর্বত, কুকসেল, মার্তণ্ড গিরি, পারপিক হিমবাহ, স্কামরি হিমবাহ, শাচমিরিক গিরিপথ, শকোরগা উপত্যকা, জোরাওয়ার শৃঙ্গ, দেহরা কম্পাস ও দ্রাক কার্পো।
তালিকায় আরও রয়েছে জোলমোরি, কুমারায়না পয়েন্ট, পাংলুং, রিনচেন জাংপো, শাক্যশ্রী গিরি, গুরু রিনপোচে, শামাল লুংপা, ইয়াংপা নদী, মারপা লোৎসাভা রি, মিলারেপা কাংরি, শিব রি ও মহেশ্বর রি। শামাল লুংপা ১৯৫০-এর দশকে টহল ও সেনা মোতায়েনের পথে ব্যবহৃত হতো।
ভারতের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং দাবি করেছেন, লাদাখের এসব স্থানের নামকরণ অবৈধ। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাতে তার এ বক্তব্য প্রকাশিত হয়।
মাও নিং বলেন, ‘ভারত একতরফা ও অবৈধভাবে যে তথাকথিত লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করেছে, চীন তা কখনো স্বীকৃতি দেয়নি। ভারতের তথাকথিত মানসম্মত নাম ঘোষণারও দৃঢ় বিরোধিতা করে চীন। এ পদক্ষেপ অবৈধ ও অকার্যকর। চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট এলাকাগুলো সব সময় চীনের অংশ ছিল—এ বাস্তবতা এতে পরিবর্তন হবে না।’
ভারতের সরকারি মানচিত্রে ২৮টি গুরুত্বপূর্ণ স্থান অন্তর্ভুক্ত করা এবং ভৌগোলিক অবস্থান নির্দিষ্ট করার মাধ্যমে নয়াদিল্লি অঞ্চলটির প্রশাসনিক স্পষ্টতা ও ভূখণ্ডগত অবস্থান তুলে ধরেছে।
২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ১৯৭৫ সালের পর দুই দেশের সেনাদের মধ্যে সেটিই ছিল প্রথম প্রাণঘাতী সামরিক সংঘর্ষ। ওই ঘটনায় ভারতের অন্তত ২০ জন এবং চীনের চার সেনা নিহত হন।